রাঙামাটির নানিয়ারচরে পার্বত্য এলাকার তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ‘মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) নানিয়ারচর জোন সদরে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির দিকনির্দেশনায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
১৩ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। এতে পার্বত্য এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর তরুণরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে মোবাইল সার্ভিসিংয়ের মৌলিক ধারণা, বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ ও মেরামত এবং প্রয়োজনীয় টুলস ব্যবহারের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনকালে মেজর শেখ মোহাম্মদ নাঈম বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তরুণদের বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তুললে তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি তরুণদের যৌথভাবে প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, মোবাইল সার্ভিসিংয়ের মতো কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা ভবিষ্যতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ নিতে পারবেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেককে নানিয়ারচর জোনের পক্ষ থেকে মোবাইল সার্ভিসিংয়ের প্রয়োজনীয় টুলস ও অন্যান্য সরঞ্জাম দেওয়া হয়েছে। এসব সরঞ্জাম প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের তরুণদের কারিগরি দক্ষতা বাড়ার পাশাপাশি কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর তরুণদের যৌথ অংশগ্রহণ সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস