বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু

​চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসনে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।

অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মো. সাহাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ও সামাজিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা, বিএনপি নেতা এজিএম বাদল আমিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদল সভাপতি মুজাফফর হোসেন জাফর, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ও ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন মৃধা। এছাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা, কৃষি উপকরণ ও ঋণ সুবিধা কৃষকদের কাছে আরও সহজ ও স্বচ্ছভাবে পৌঁছাবে। এই উদ্যোগ কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি কৃষি খাতের আধুনিকায়নে বিশেষ ভূমিকা রাখবে। এই ব্যবস্থার অধীনে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সংক্রান্ত সেবা, সরকারি ভর্তুকি, প্রশিক্ষণ এবং ডিজিটাল তথ্যসেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।

বিতরণ ও লক্ষ্যমাত্রা

উপজেলা পর্যায়ে চরভদ্রাসনে মোট ৮৪৮ জন কৃষকের তালিকা তৈরি করা হয়েছে। উদ্বোধনী দিনে ৬০২ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে মোট ১৫ লাখ ৫ হাজার টাকা কৃষি উপকরণ সহায়তা হিসেবে সরাসরি পাঠানো হয়।

জাতীয় লক্ষ্যমাত্রা

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, চলতি বছর দেশজুড়ে মোট ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর