ডিমলায় ৩০ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে পিআইও কার্যালয়ের কার্য সহকারী গ্রেফতার

0
174
ডিমলার পিআইও অফিসের কার্য-সহকারী মশিউর রহমান গ্রেফতার / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর ডিমলা উপজেলায় প্রায় ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা আত্মসাতের মামলায় র‌্যাবের অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরের সিও বাজার এলাকার মামুনুর রশিদের বাসায় অভিযান চালিয়ে র‌্যাব-১৩ তাকে গ্রেফতার করে। গ্রেফতার মশিউর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার বাসিন্দা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযোগ অনুযায়ী, মশিউর রহমান ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল উত্তোলনের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে পাস হওয়া বিলের প্রকল্প চেয়ারম্যানদের স্বাক্ষর জাল করে ডিমলা সোনালী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করেন। পরে সেই অর্থ অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

জানা গেছে, গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে দুই দফায় বিভিন্ন প্রকল্পের নামে মোট ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। ঘটনার পর থেকে তিনি অফিসে অনুপস্থিত থাকেন এবং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।

এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, র‌্যাব-১৩ এবং সিপিসি-২ নীলফামারীর যৌথ অভিযানে মামলার প্রধান আসামি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তদন্তের মাধ্যমে আত্মসাতের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here