ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমের পক্ষে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টি, জেলা জামায়াতে ইসলামি এবং জেলা এনসিপির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, এবি পার্টির মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী শেখ জামাল হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীরা নির্বাচিত হবেন। অতীতের দমন-পীড়ন ও একদলীয় রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনীতির ধারা প্রতিষ্ঠা করাই জোটের লক্ষ্য। তারা শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে মনোনিবেশ করবে। ক্ষমতার কেন্দ্র নয়, জনগণের দোরগোড়ায় গিয়ে সেবা পৌঁছে দেওয়ার রাজনীতি প্রতিষ্ঠা করাই তাদের উদ্দেশ্য।
শেখ জামাল হোসেন বলেন, “আমার বাংলাদেশ পার্টি ১০ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়েছে। জোটগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি ঝালকাঠি-২ আসনে প্রার্থিতা প্রত্যাহার করছি এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম শেখ নেয়ামুল করিমকে পূর্ণ সমর্থন দিচ্ছি। আমি মাঠে থাকবো, দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করবো এবং জোটকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। আমরা ভিন্ন ভিন্ন দল থেকে এলেও মানুষের অধিকার ও একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য আমাদের একত্রিত করেছে।”