যশোর শহরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নিজেও আত্মহত্যার চেষ্টা করলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের শেখহাটি তামালতলা এলাকায় ভাড়া বাসায় নেশার টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুজন (স্বামী) ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী ছামিনা আক্তারকে একাধিক আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত সুজন নিজ শরীরেও ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ছামিনা আক্তার যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত সুজনের বাড়ি টাঙ্গাইল জেলায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তারা আত্মীয় হলেও প্রায় ছয় মাস আগে প্রেমের সম্পর্কের ভিত্তিতে বিয়ে করে যশোর শহরে বসবাস শুরু করেন।
ঘটনার পর হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হলে নিহতের স্বজনদের কিছু সদস্য অভিযুক্ত সুজনের ওপর হামলার চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, পারিবারিক বিরোধ ও নেশাজনিত বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান, নির্বাহী সম্পাদক: নাসরিন আক্তার
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।