বাগেরহাটের মোরেলগঞ্জে সড়কের পাশে দুই বছরের এক শিশুকে ফেলে রেখে তার মা ঢাকায় চলে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে নিরাপত্তার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ১৪ নম্বর বারইখালী ইউনিয়নের জেলেপাড়া এলাকার একটি ইটভাটার পাশে শিশুটিকে একা পড়ে থাকতে দেখা যায়। কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তার দাদির কাছে নিয়ে যান। তবে পারিবারিক বিচ্ছেদের কারণে দাদি শিশুটির দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান।
পরে স্থানীয়রা শিশুটিকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর বাসভবনে যান। ইউএনও তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে তার খাবার, পোশাকসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন।
স্থানীয় সূত্র ও প্রশাসনের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শিশুটির বাবা মো. পলাশ ও মা মিতু আক্তারের মধ্যে প্রায় তিন মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই শিশুটি পারিবারিকভাবে অবহেলার মধ্যে ছিল বলে স্থানীয়দের অভিযোগ।
ঘটনার পর ইউএনও শিশুটির বাবা পলাশের সঙ্গে যোগাযোগ করেন। বর্তমানে কর্মস্থলের কারণে এলাকার বাইরে থাকা পলাশ আগামী সোমবার সশরীরে উপস্থিত হয়ে সন্তানের দায়িত্ব নেওয়ার বিষয়ে আইনি প্রতিশ্রুতি দিয়েছেন।
এরই মধ্যে শিশুটিকে সাময়িকভাবে তার ফুফু রেসমা খাতুনের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। শিশুটির তিন দিনের ভরণ-পোষণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, সোমবার শুনানিতে শিশুটির আইনগত অভিভাবকত্ব ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা কামনা করেছেন।
এই বাংলা/এমএস