বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নবীনগরে অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
নবীনগরে অবৈধ ইটভাটা / ছবি : এই বাংলা প্রতিনিধি

নবীনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোতে জ্বালানি হিসেবে ব্যাপক হারে কাঠ পোড়ানো হচ্ছে। এতে এলাকাবাসী, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগে অনেকেই চিকিৎসা নিচ্ছেন নিকটস্থ হাসপাতালে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের বৈধতা না থাকলেও একাধিক ইটভাটা অবাধে কাঠ দিয়ে ইট পোড়ানো চালিয়ে যাচ্ছে। বিশেষ করে হাবিব ও শাপলা ইটভাটায় কাঠ পোড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। কয়লার দাম বেশি হওয়ায় প্রভাবশালী ইটভাটা মালিক অলেক মিয়া কাঠকেই জ্বালানির প্রধান উৎস হিসেবে ব্যবহার করছেন। ইতোমধ্যে হাজার হাজার মন কাঠ-খড়ি মজুদ করা হয়েছে, এবং সংগ্রহ অব্যাহত রয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, এসব ভাটা বন উজাড় করা ছাড়াও পরিবেশের ভয়াবহ ক্ষতি করছে। তারা দ্রুত এসব অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান।

পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক জানান, যেসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, সেগুলোর তালিকা জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। একই সঙ্গে বৈধ-অবৈধ প্রায় সব ইটভাটায় কাঠ ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। খুব শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, “পরিবেশ সনদ ছাড়া কোনো ইটভাটায় আগুন জ্বালানোর সুযোগ নেই। দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

এই বাংলা/এমএস

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত