বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

টানা বর্ষণে বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি হাজারো মানুষ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি :

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক এলাকায় ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

উপজেলার বাঘাইছড়ি সদর, মাচালং বাজার, বাঘাইহাট বাজার, মারিশ্যা, সাজেক, রূপকারী ও আমতলীসহ বিভিন্ন এলাকায় নদী ও ছড়ার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বসতবাড়িতে প্রবেশ করেছে। অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কোথাও কোথাও পাহাড়ধসের কারণে সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে।

স্থানীয়রা জানান, আকস্মিক বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। অনেক এলাকায় রান্নাবান্না ব্যাহত হয়েছে এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গবাদিপশু ও হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়ায় বাঘাইছড়িতে বন্যা ও পাহাড়ধস পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো খবর