
চট্টগ্রাম প্রতিনিধি :
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপি চট্টগ্রামের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্সের ১৫তম ব্যাচ”–এর উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। কোর্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, “জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে হলে দক্ষতা, দায়িত্ববোধ ও আইনানুগ আচরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটকেন্দ্র নিরাপত্তা, জনসম্পৃক্ততা, সংকট ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও সুস্পষ্ট ধারণা লাভ করবেন। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বই জনগণের আস্থা অর্জনের প্রধান শক্তি।”
তিন দিনব্যাপী প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, আইনের যথাযথ প্রয়োগ, জনসংযোগ, ঝুঁকি ব্যবস্থাপনা, তাৎক্ষণিক সাড়া প্রদান ও মাঠপর্যায়ের নিরাপত্তা কৌশল বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন স্তরের প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
