কুকুরের বারবার ডাকাডাকিতে বিরক্ত হয়ে: আট কুকুরছানা হত্যা

0
153
নিজের পোষা কুকুরের সদ্য জন্ম নেওয়া আটটি ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যা করেছে এক নারী / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ও ন্যায়বিচার দাবি তোলা ঘটনা। বাসার দরজার সামনে বারবার ডাকাডাকিতে বিরক্ত হয়ে এক নারী নিজের পোষা কুকুরের সদ্য জন্ম নেওয়া আটটি ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যা করেছেন। নিষ্ঠুর এই ঘটনার পর স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযুক্ত নারীর নাম নিশি রহমান। তিনি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী।

ঘটনাটি ঘটে সোমবার সকালে। পুকুরের ধারে মা কুকুরটির করুণ চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে বিষয়টি প্রকাশ পায়। মুহূর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর উপজেলা প্রশাসনের ডাকা জরুরি বৈঠকে অভিযুক্ত দম্পতিকে তাৎক্ষণিকভাবে সরকারি বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নিশি রহমানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

ছানাগুলোর মালিক ছিলেন সদ্য বদলি হওয়া ঈশ্বরদীর সাবেক নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাশ। বর্তমানে তিনি ঝিনাইদহে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত।

নিষ্ঠুর ঘটনার খবর পেয়ে তিনি বলেন, “আমি ওদের সবকিছু ঠিকঠাক রেখে এসেছিলাম। আজ এমন খবর শুনে মর্মাহত। আইনগত ব্যবস্থা নেব।”

বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা জরুরি বৈঠক করেছি। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অভিযুক্ত নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “বিরক্তির কারণে আমার স্ত্রী ছানাগুলো বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। তার পক্ষ থেকে ক্ষমা চাইছি।”

তবে নিশি রহমান নিজে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, “এটি অমানবিক অপরাধ। প্রশাসন ব্যবস্থা নিয়েছে, পাশাপাশি আইনগত প্রক্রিয়াও চলছে।”

স্থানীয়দের দাবি—এ ধরনের নিষ্ঠুর ঘটনার কঠোর শাস্তি নিশ্চিত করে ভবিষ্যতে যেন আর কোনো প্রাণী এমন নির্যাতনের শিকার না হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here