শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ডিমলায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, পৃথক অভিযানে ভারতীয় ষাঁড় জব্দ

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রনীলফামারীর ডিমলায় পৃথক দুটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় ষাঁড় গরুও জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল পাটগ্রামের ক্যাম্পের পাড় এলাকায় অভিযান চালায়। কোম্পানি কমান্ডার সুবেদার মো. খাদেমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ডিএএমপি ৭/১৪-এস পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতের দিক থেকে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিকে একটি গরু নিয়ে আসতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা গরুটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ভারতীয় ষাঁড় গরু জব্দ করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায় বালাপাড়া বিওপির একটি টহল দল। হাবিলদার মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন মুকুল রায় (৪৫)। তিনি ঠাকুরগঞ্জ গ্রামের মৃত শিবেন্দ্র রায়ের ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ছয় পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বিজিবির তথ্যমতে, পৃথক দুটি অভিযানে জব্দ করা ভারতীয় ষাঁড় ও উদ্ধারকৃত মাদকসহ অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৪৩ হাজার ২১৭ টাকা।

আটক মুকুল রায়কে উদ্ধারকৃত মাদকসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। ভারতীয় ষাঁড়টির বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বিজিবির হস্তান্তর করা মুকুল রায়কে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর