ময়মনসিংহে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ৪০ দোকান উচ্ছেদ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ময়মনসিংহ প্রতিনিধি :
নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) চরপাড়া মোড় থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গেট পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অভিযানে প্রায় ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। অভিযানে মসিকের পরিচ্ছন্নতা বিভাগ, নিরাপত্তা শাখা ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানের সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তবে জরিমানার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বলেন, নগরীর ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি বলেন, চরপাড়া-মেডিকেল সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজারো রোগী ও তাদের স্বজন এই সড়ক ব্যবহার করেন। ফুটপাত দখল হয়ে থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তাই ভবিষ্যতে কেউ ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের ফুটপাত দখল না করার জন্য সতর্ক করে দেন।
হঠাৎ পরিচালিত এ উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলমুক্ত হওয়ায় সাধারণ পথচারী ও রোগীর স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় হাসপাতালে যাতায়াতে নানা ভোগান্তি পোহাতে হতো। মসিকের এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও পর্যায়ক্রমে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।