সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত জমে থাকা বিপুল পরিমাণ দাবিদারবিহীন (আনক্লেইমড) মূল দলিল সরকারি বিধি অনুসরণ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে রেজিস্ট্রেশন আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে নিবন্ধিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে গ্রহীতা বা দাবিদাররা প্রয়োজনীয় ফি পরিশোধ করে যেসব মূল দলিল উত্তোলন করেননি, সেগুলো ‘দাবিদারবিহীন দলিল’ হিসেবে চিহ্নিত করা হয়। আইনি সময়সীমা অতিক্রান্ত হওয়ায় একটি তদারকি কমিটির উপস্থিতিতে প্রশাসনিক নিয়ম অনুসরণ করে দলিলগুলো ধ্বংস করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সাব-রেজিস্ট্রি অফিসের এসএটি (SAT) অ্যাক্ট মোহরার তানিয়া আক্তার কল্পনা বলেন, “বহু বছর ধরে পড়ে থাকা এসব মূল দলিল অফিসে অতিরিক্ত জায়গা দখল করে রেখেছিল এবং নথি ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি করছিল। সরকারি বিধি অনুযায়ী চূড়ান্ত নোটিশ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই দলিলগুলো ধ্বংস করা হয়েছে।”
দলিল ধ্বংসের সময় সাটুরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার মাহমুদা খাতুন, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

