কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ৭৫ হাজার টাকার জাল বাংলাদেশি নোটসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মুনতাসির মামুন মুন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসপি মো. মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিমের নেতৃত্বে ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
এ সময় একই ইউনিয়নের কানিবাড়ি মইদাম এলাকার কুদ্দুস মিয়ার ছেলে মো. আনোয়ার মিয়াকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তি ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহে বাংলাদেশি জাল নোট ব্যবহার করতেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মো. মুনতাসির মামুন মুন বলেন, মাদক কেনাবেচার সময় একজনকে বাংলাদেশি জাল নোটসহ আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, জাল নোট নিজের হেফাজতে রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।