নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মহারাজপুর মধ্যপাড়া এলাকার মো. নুমির প্রামাণিকের ছেলে মো. বাবুল আহম্মেদ (২৮), মো. আইয়ুব আলীর ছেলে মো. ওমর ফারুক (১৯), মো. শরিফুল ইসলামের ছেলে মো. মাহফুজ হোসেন (২১) এবং বাঁশবাড়িয়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২)।
লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মহারাজপুর এলাকার সাগর আহম্মেদের টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বাবুল আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস