সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

নলডাঙ্গায় সম্পত্তির লোভে ৫ বছরের শিশুকে হত্যার চেষ্টা, ভাবি গ্রেফতার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
হত্যা চেষ্টা / প্রতিকি ছবি

নাটোর প্রতিনিধি :


নাটোরের নলডাঙ্গা উপজেলায় পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তির লোভকে কেন্দ্র করে পাঁচ বছরের এক শিশুকে হত্যার চেষ্টার অভিযোগে জেমি খাতুন (১৯) নামের এক ভাবিকে আটক করেছে পুলিশ। গত সোমবার (১৭ নভেম্বর ২০২৫) খাজুরা ইউনিয়নের সাধনগর উত্তরপাড়ায় এ নৃশংস ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, চার মাস আগে প্রেমের সম্পর্কের পর শিশুটির বড় ভাইয়ের সঙ্গে জেমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে, বিশেষ করে ভাসুরবধূর সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন চলছিল। পাশাপাশি শ্বশুরবাড়ির সম্পত্তির প্রতি তার লোভ ছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার দিন সকাল সাড়ে ১১টায় শিশুটির মা বাইরে যাওয়ার আগে পুত্রবধূ জেমিকে অনুরোধ করেন—ছেলেটিকে দেখাশোনা করতে। কিন্তু এ কথায় ক্ষুব্ধ হয়ে জেমি ঘরে থাকা ব্লেড দিয়ে শিশুটির গলা ও গালে ধারালো আঘাত করে তাকে হত্যার চেষ্টা করে।

রক্তাক্ত অবস্থায় শিশুটি চিৎকার শুরু করলে নিজের অপরাধ চাপা দিতে জেমি ঘরের বটি দিয়ে নিজের হাত-পায়ে আঘাত করে। এরপর চিৎকার করে জানায় যে মুখোশ পরা দু’জন ব্যক্তি ঘরে ঢুকে শিশুটিকে জখম করেছে এবং তাকেও আঘাত করার চেষ্টা করেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার বক্তব্যে অসঙ্গতি খুঁজে পায়। জিজ্ঞাসাবাদে পরে জেমি পুরো ঘটনাটি স্বীকার করে।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নলডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়। রক্তাক্ত শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

জেমি খাতুনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নলডাঙ্গা থানা পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর