শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, আলামত জব্দ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘোড়ার মাংসের নমুনাসহ বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফরহাদের বাড়ির পেছনে ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলহারি এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। বিষয়টি নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আলোচনা ও উদ্বেগ রয়েছে।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং আরও তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হন। এ সময় মাংস বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘোড়ার মাংসের নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও জব্দ করে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর