কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে একটি সরকারি অনুষ্ঠান কাভার করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক মোহাম্মদ জুবাইর, যিনি একটি বেসরকারি টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। আহত অবস্থায় তাকে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন সাংবাদিক জুবাইর জানান, পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভিডিও ও ছবি ধারণ করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে অডিটোরিয়ামের বাইরে নিয়ে গিয়ে মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি রাজি না হলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
তিনি আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী ছিলেন। তবে হামলার সুনির্দিষ্ট কারণ তিনি জানেন না। তার ধারণা, পূর্বে প্রকাশিত কোনো সংবাদ বা প্রতিবেদনের জেরে এ ঘটনা ঘটতে পারে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার সময় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ বিষয়ে উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হায়দার আলী বলেন, তারা তখন অডিটোরিয়ামের ভেতরে ছিলেন। বাইরে গোলযোগের খবর পেয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, কেউ জড়িত থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক বলেন, পুলিশ আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মাথায় আঘাত পাওয়ায় আহত সাংবাদিকের সিটি স্ক্যান করা হবে।
এই বাংলা/এমএস
টপিক