সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আইসিইউতে ভর্তি গায়ক সাহেদ

বিনোদন প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড ‘গাছ’-এর প্রতিষ্ঠাতা গায়ক শেখ সাহেদ আলী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। কিডনি জটিলতা, স্ট্রোক এবং পরবর্তীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। গত ২৪ অক্টোবর হঠাৎ শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই তিনি স্ট্রোক করেন। এর পর থেকে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। বর্তমানে ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশের চেষ্টা করছেন।

এরমধ্যেই তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হওয়ায় শারীরিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে গত ৩১ অক্টোবর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি হাসপাতালের এইচডিইউতে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাঁকে রাজধানীর অন্য একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

গায়কের বন্ধু ও ‘কুল এক্সপোজার’-এর প্রধান এরশাদুল হক সংবাদমাধ্যমকে জানান, সর্বশেষ ডায়ালাইসিসের পরও সাহেদের বেশ কিছু শারীরিক জটিলতা রয়ে গেছে। তাঁর ডান হাত ও পা ফুলে গেছে এবং ডায়ালাইসিসে ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধার কারণে চিকিৎসকদের বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের সংগীতাঙ্গনে নিয়মিত গান করছেন শেখ সাহেদ আলী। ‘রোকযানা’ সাহেদ হিসেবে তিনি বেশি পরিচিতি। ১৯৯১ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘প্রভু’ প্রকাশের পর বেশ কয়েকটি আলোচিত অ্যালবাম ও গান উপহার দেন তিনি। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ