সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

প্রাচ্যের ভেনিস বরিশাল: নদী, ইতিহাস ও ঐতিহ্যের অনন্য জনপদ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বরিশাল প্রতিনিধি :

 

নদী-খাল, সবুজ প্রকৃতি আর গৌরবময় ইতিহাসের অপূর্ব মেলবন্ধনে গড়া বরিশালকে বলা হয় “প্রাচ্যের ভেনিস”। প্রবাদে যেমন বলা হয়— “আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল”, তেমনি এই জনপদের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির অনন্য সৌন্দর্য।

মেঘনা, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, বিষখালী, তেঁতুলিয়া, সন্ধ্যা ও বুড়িশ্বরসহ অসংখ্য নদ-নদী বরিশালকে দিয়েছে এক বিশেষ ভৌগোলিক পরিচয়। নদীবিধৌত এই অঞ্চলের খাল-বিল ও ধানখেত মিলিয়ে গড়ে উঠেছে এক মনোমুগ্ধকর দৃশ্যপট, যা দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

ইতিহাস ও ঐতিহ্যের নগরীঃ
বরিশালের ইতিহাস বহু প্রাচীন ও গৌরবময়। একসময় “বাকলা-চন্দ্রদ্বীপ” নামে পরিচিত এই অঞ্চল নানা সময় রাজনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে বর্তমান পরিচয়ে এসেছে। ১৮০১ সালে জেলার সদর দপ্তর বাকেরগঞ্জ থেকে বরিশালে স্থানান্তরের পর থেকেই এ শহরের গুরুত্ব আরও বৃদ্ধি পায়।
বরিশাল বিভাগীয় জাদুঘর, মিয়াবাড়ি মসজিদ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান এ অঞ্চলের ইতিহাসকে জীবন্ত করে রেখেছে।

স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্যঃ
বরিশালের অন্যতম আকর্ষণীয় স্থাপত্য নিদর্শন উজিরপুরের গুঠিয়ার বাইতুল আমান জামে মসজিদ। আধুনিক নকশা, ক্যালিগ্রাফি ও বিশাল কমপ্লেক্সের কারণে এটি দেশ-বিদেশের দর্শনার্থীদের কাছে বিশেষভাবে পরিচিত।

পুকুর, দিঘি ও নগর ইতিহাসঃ
শহরের প্রাণকেন্দ্র বিবির পুকুর বরিশালের ইতিহাস ও জনজীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এছাড়া বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘি চন্দ্রদ্বীপ রাজ্যের ঐতিহ্যের সাক্ষী হিসেবে আজও পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।

ভাসমান হাট ও নদীকেন্দ্রিক জীবনঃ
বরিশালের বানারীপাড়া, আটঘর কুড়িয়ানা ও ভিমরুলি অঞ্চলের ভাসমান হাট দেশের অন্যতম অনন্য পর্যটন আকর্ষণ। নৌকার ওপর বসে কেনাবেচার এই দৃশ্য বরিশালের অর্থনীতি ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ইতিহাসের মহান ব্যক্তিত্বদের জন্মভূমিঃ
বরিশাল বহু কীর্তিমান মানুষের জন্মস্থান। শেরেবাংলা এ কে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ, সুফিয়া কামাল, অশ্বিনী কুমার দত্তসহ অসংখ্য মনীষীর স্মৃতি এ জনপদকে করেছে সমৃদ্ধ ও গৌরবময়।

সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্যঃ
বরিশালের ইলিশ মাছ, দই-মিষ্টি ও ঐতিহ্যবাহী রান্না ভোজনরসিকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। পোর্ট রোডের ইলিশ বাজার এবং শহরের মিষ্টির দোকানগুলো বরিশালের খাদ্য সংস্কৃতির পরিচয় বহন করে।

যোগাযোগ ও ভ্রমণ সুবিধাঃ
ঢাকা থেকে লঞ্চ, বাস ও বিমানে সহজেই বরিশালে যাতায়াত করা যায়। উন্নত সড়ক ও আকাশপথের কারণে পর্যটকদের জন্য এখন বরিশাল ভ্রমণ আরও সহজ ও আরামদায়ক।

নদী-খাল, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়ে গড়া বরিশাল শুধু একটি জেলা নয়—এটি একটি অনুভূতি, একটি গর্বের নাম। প্রকৃতি ও ঐতিহ্যপ্রেমীদের জন্য বরিশাল নিঃসন্দেহে এক অনন্য পর্যটন গন্তব্য।
“ধান-নদী-খাল এই তিনে বরিশাল”—এই প্রবাদই বলে দেয় এ জনপদের আত্মা কতটা সমৃদ্ধ ও জীবন্ত।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ