সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

২০০ বছরের ঐতিহ্যের দাবি, গাতিরঘাটের মাছের হাটে জেলেদের জীবিকার টানাপোড়েন

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ভোরের আলো ফুটতেই ব্রহ্মপুত্র নদের তীরে একে একে ভিড়তে থাকে নৌকা। জেলেদের হাঁকডাক আর ব্যবসায়ীদের দর-কষাকষিতে মুখর হয়ে ওঠে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকার গাতিরঘাট। মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ক্রেতারাও ব্যস্ত হয়ে পড়েন পছন্দের মাছ কিনতে। স্থানীয় জেলেদের দাবি, প্রায় ২০০ বছর ধরে এভাবেই চলে আসছে এই মাছের হাট।

প্রতিদিন দুই দফায় বসে হাটটি। সকাল ছয়টায় প্রথম দফা শুরু হয়ে চলে প্রায় এক ঘণ্টা। দ্বিতীয় দফা বসে বেলা আড়াইটার দিকে। ব্রহ্মপুত্র ও তিস্তা নদী থেকে মাছ ধরে জেলেরা এসব নৌকায় করে ঘাটে নিয়ে আসেন। দুই দফায় প্রায় ১৫০টি নৌকা ভেড়ে ঘাটে। জেলেদের ভাষ্য, বাপ-দাদার আমল থেকেই তাঁরা এই ঘাটে মাছ বিক্রি করে আসছেন।

স্থানীয় জেলেরা জানান, ছোট মাছের জন্য এই হাটের বিশেষ পরিচিতি রয়েছে। এখানে পুঁটি, ট্যাংরা, মলা, সরপুঁটি, গুলশা, চাপিলা, কাচকি, ঢেলা, গুতুম, বেলে ও চিংড়ির পাশাপাশি পাওয়া যায় চিতল ও বোয়ালের মতো বড় মাছও। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি বরফ দিয়ে এসব মাছ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।

মাঝেমধ্যে এই হাটে ওঠে বাগাড় মাছও। আড়াই কেজি থেকে শুরু করে তিন-সাড়ে তিন মণ ওজনের বাগাড়ও পাওয়া যায়। প্রতি কেজির দাম পড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

তবে হাটের ব্যস্ততার আড়ালে রয়েছে জেলেদের জীবিকার সংকট। তাঁদের ভাষ্য, নদীতে আগের মতো মাছ পাওয়া যায় না, অথচ বেড়েছে মাছ ধরার খরচ। বিশেষ করে ডিজেলের বাড়তি দাম তাঁদের আয় কমিয়ে দিয়েছে।

স্থানীয় জেলে পুতুল চন্দ্র দাস (৪২) বলেন, এক দিন মাছ ধরতে ৮ থেকে ১০ লিটার ডিজেল লাগে। কিন্তু নদীতে আগের মতো মাছ নেই। এক নৌকায় পাঁচ-ছয়জন কাজ করেন। তেল, খাবার ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রত্যেকে ভাগে তিন-চার শ টাকা পান। এ টাকা দিয়ে সংসার চালানো কঠিন।

এই ঘাটের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের জীবিকা ও স্মৃতি। ঘাটের প্রবীণ মাছ বিক্রেতা ফুলেল চন্দ্র দাস (৮০) বলেন, প্রায় ৬০ বছর ধরে তিনি মাছ কেনাবেচা করছেন। তাঁর ভাষায়, ‘এই ঘাটের সঙ্গে হামার বাপ-দাদার স্মৃতি আছে। প্রতিদিন ৬০০ থাকি ৭০০ টাকা আয় হয়। এই ঘাট দিয়েই পেট চলে।’

কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাত্রখাতা এলাকার ক্ষিতীশ দাসের (৬৫) জীবনও কেটেছে ব্রহ্মপুত্রে মাছ ধরে। বয়সের কারণে এখন আর নদীতে যেতে পারেন না। গাতিরঘাট থেকে মাছ কিনে স্থানীয় বাজারে বিক্রি করেন। এতে দিনে তাঁর আয় হয় ৪০০ থেকে ৫০০ টাকা।

সাত বছর আগে ইঞ্জিনচালিত নৌকায় দুর্ঘটনার শিকার হওয়ার পর মাছ ধরা ছেড়ে দিতে হয়েছে সন্তোষ চন্দ্র দাসকে (৬৭)। তবু প্রতিদিন সকাল ও বিকেলে তিনি ঘাটে আসেন। সন্তোষ চন্দ্র দাস বলেন, ‘নৌকা দুর্ঘটনার পর থাকি আর জাল মারতে পারি না। অন্য কাজ জানা নাই। এই ঘাটের মানুষগুলার সাথেই তো সারা জীবন কাটল। মানুষজন যে যা পারে, সহযোগিতা করে।’

হাটটির বয়স সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, এই হাটের দেশি মাছের সুনাম রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে হাটটি ইজারামুক্ত রাখা হয়েছে। জেলেদের কাছ থেকে কেউ যাতে জোর করে টাকা আদায় করতে না পারে, সে বিষয়েও নজরদারি করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ