সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকায় বন্দোবস্তকৃত কৃষিজমির দখল নিয়ে সংঘর্ষ, হামলা, মারধর ও বয়স্ক ব্যক্তিদের নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসা জমি থেকে তাঁদের উচ্ছেদের চেষ্টা চলছে। এসব অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. বশির হাং জানান, তিনি চরবাংলা এলাকার স্থায়ী বাসিন্দা ও ভূমিহীন কৃষক। তাঁর দাবি, চলতি বছর নতুন বাংলার দক্ষিণ পাশে প্রায় ২০ একর জমিতে চাষাবাদ ও বীজ রোপণ করেন তিনি। পরে চরবিশ্বাস এলাকা থেকে এনিমের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে ট্রলারে করে এসে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

বশির হাং জানান, হামলার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে লোকজন আসেন এবং পরিস্থিতি সাময়িকভাবে স্বাভাবিক হয়। তবে ৯৯৯ থেকে তাঁকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরদিন গলাচিপা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করে। পরে তিনি আদালতের শরণাপন্ন হন। তাঁর দাবি, মামলা দায়েরের পর প্রতিপক্ষ আরও ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করে।

বশির হাওলাদারের ভাষ্য অনুযায়ী, বন্দোবস্তকৃত জমি নিয়ে বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি জমিতে মাটি কাটতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। শাহজাহান নামের এক ব্যক্তিকে জিম্মি করে রাখা এবং জমির মালিকদের দলিলপত্র, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। এ ছাড়া ৭০ থেকে ৯০ বছর বয়সী কয়েকজন বয়স্ক ব্যক্তিকে নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, গত ১৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আহত ব্যক্তিদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ইউসুফ মাতব্বর (৭০), লোকমান সরদার (৫৫), আকেল প্যাদা (৮০), ওসমান (৮০) ও মনাত ফরাজীর (৭৫) নাম উল্লেখ করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডা. শর্মিলা হোসাইন দোলন তাঁদের শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বশির হাওলাদার আরও জানান, ঘটনার রাতে থানায় গিয়ে অভিযোগ জানাতে চাইলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মামলা নেওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করেন। পরদিন বন্দোবস্তকৃত জমির মালিক মো. ইউসুফ মাতব্বর বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এর পরদিন গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের সামনে বন্দোবস্তকৃত জমির মালিকানার দাবিতে মানববন্ধন করা হয় বলে তিনি জানান।

বশির হাওলাদারের অভিযোগ, জমি দখলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে মানববন্ধনের মাধ্যমে প্রকৃত ভূমিমালিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ ছাড়া কয়েকজনের বিরুদ্ধে ভূমিহীনদের কাছ থেকে অর্থ গ্রহণ, জমির প্রলোভন দেখানো এবং সাধারণ মানুষকে উসকে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে মো. সোলায়মান বলেন, চরবাংলায় তাঁর বন্দোবস্তকৃত জমি থাকা সত্ত্বেও তাঁকে ‘ভূমিদস্যু’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তিনি নিজের জমি ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে চরবাংলায় অনুষ্ঠিত মানববন্ধনের ব্যানারে ইঞ্জিনিয়ার নিয়াজ মাহমুদ নকিব ও মো. মামুন প্যাদাকে ‘ভূমিদস্যু’ হিসেবে আখ্যায়িত করার প্রতিবাদ জানান তাঁরা। সংবাদ সম্মেলনে এ ধরনের আখ্যায়নের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত বন্দোবস্তপ্রাপ্ত জমির মালিকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

বক্তব্যের শেষাংশে ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বন্দোবস্তকৃত জমি ফিরে পাওয়া, জমির ওপর নিজেদের অধিকার নিশ্চিত করা এবং হামলা ও নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমস্যাটির স্থায়ী সমাধানও কামনা করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ