সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঘিওরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ১

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

মানিকগঞ্জের ঘিওরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দোতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজা মিয়া (৬০) ঘিওর উপজেলার সদর ইউনিয়নের কুস্তা গ্রামের মনির উদ্দিনের বড় ছেলে। আহত নুরজাহান বেগম (৪৫) একই উপজেলার নারচি গ্রামের মজিদ মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী একটি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন এবং যানটি ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজা মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত নুরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। পুলিশ ট্রাক ও অটোরিকশাটি নিজেদের হেফাজতে নিয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ