সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মোহামেডান স্পোর্টিং ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ব্লুজের নতুন কার্যকরী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি ছাত্রদল মনোনীত চাকসু-২০২৫ নির্বাচনে ভিপি প্রার্থী ছিলেন।

ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে সওয়ার আলমকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য শরিফুল ইসলাম তুহিন। এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়।

শিক্ষাঙ্গনে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি এবার চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও দায়িত্ব পেলেন এই ছাত্রনেতা। সংশ্লিষ্টদের মতে, নতুন এ দায়িত্বের মাধ্যমে ক্রীড়া সংগঠনে তরুণ নেতৃত্বের অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “মোহামেডান স্পোর্টিং ব্লুজের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে সম্মানের। আমি এই দায়িত্বকে পদমর্যাদা নয়, বরং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ প্রতিভা বিকাশে অবদান রাখার সুযোগ হিসেবে দেখি। দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা বজায় রাখতে চাই।”

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর থেকে প্রতিষ্ঠানটির কার্যালয় বন্ধ রয়েছে। সাইনবোর্ড থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডসংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি এনডিএসের শাখা কার্যালয় চালু করা হয়। ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে বিভিন্ন সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে টাকা জমা নেওয়া হয়। এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাঁদের অভিযোগ, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ ছাড়া কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি গ্রাহকদের।

সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অনেকেই কষ্টার্জিত অর্থ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় গ্রাহকেরা একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে এনডিএসের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের জমা দেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

ঋণ ও সঞ্চয়ের প্রলোভনে মোরেলগঞ্জে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও, থানায় অভিযোগ