বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি আব্দুস সাত্তার

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

‘আসুন, আমি-আপনি সবাই মিলে সুশাসন প্রতিষ্ঠা করি’—এই আহ্বান জানিয়ে নীলফামারীর ডিমলায় সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন ও সংস্কারকাজে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

মাদ্রাসা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এমপি আব্দুস সাত্তার বলেন, মাদ্রাসাটির সার্বিক অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। প্রতিষ্ঠানের আশপাশের জমি বিনিময়ের মাধ্যমে মাদ্রাসার জায়গা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি টয়লেট মেরামত, উত্তর পাশের ঘর সংস্কার এবং পূর্ব পাশে নির্মাণাধীন ভবনে জানালা স্থাপনসহ প্রয়োজনীয় বিভিন্ন উন্নয়নকাজ করা হবে।

তিনি বলেন, মাদ্রাসাটির জন্য একটি চারতলা ভবন নির্মাণের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট পর্যায়ক্রমে নিরসন করা হবে।

২০ লাখ টাকা বরাদ্দের বিষয়ে এমপি আব্দুস সাত্তার বলেন, “মাদ্রাসার উন্নয়নে যে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এর একটি টাকাও আমাকে কিংবা আমার দলের কোনো লোককে দিতে হবে না। উন্নয়নের টাকা উন্নয়নকাজেই ব্যয় করতে হবে।”

তিনি আরও বলেন, বালাপাড়া এলাকায় ইতোমধ্যে ১৯ লাখ টাকার একটি উন্নয়ন বাজেট দেওয়া হয়েছে। ওই অর্থ বরাদ্দের ক্ষেত্রেও কাউকে কোনো টাকা দিতে হয়নি। বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরীও এ বিষয়ে তাঁর সততার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান তিনি।

প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের দুরবস্থার কথা তুলে ধরে এমপি আব্দুস সাত্তার বলেন, ১৯৬১ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলেও বিগত সরকারের আমলে তেমন কোনো উন্নয়ন হয়নি। বর্তমানে মাদ্রাসাটির অবকাঠামোগত সংকট নিরসনে পর্যায়ক্রমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগাতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়নকাজ বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার সভাপতি ও আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, সহকারী সেক্রেটারি ও পাগলাপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল মোনায়েম।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়