
মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং সেবা পেয়েছেন প্রায় এক হাজার সাধারণ মানুষ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জোরারগঞ্জ তাজমহল মসজিদ সংলগ্ন জেএম-থ্রি অ্যাপার্টমেন্টের হাজী বাড়ি প্রাঙ্গণে এই দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর সার্বিক ব্যবস্থাপনায় এবং সংগঠনের সদস্য ও সমাজসেবক লায়ন মাজহার উল্লাহ মিয়ার উদ্যোগে এই চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ও কমফোর্ট হাসপাতালের প্যাথলজিস্টরা সেবাদানে অংশ নেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ক্যাম্প পরিদর্শন করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু এমজেএফ। এ সময় উপস্থিত ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, গভর্নর এডভাইজার লায়ন হাসিনা খান এমজেএফসহ জেলা ও ক্লাব পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর সভাপতি লায়ন কাজী জশিম উদ্দিন। এছাড়াও চিকিৎসা ও সেবাদান কার্যক্রমে অংশ নেন বিভিন্ন লায়ন ও লিও সংগঠনের প্রতিনিধিরা।
এ বিষয়ে লায়ন মাজহার উল্লাহ মিয়া বলেন, “চোখ মানুষের অমূল্য সম্পদ। আর্থিক অসচ্ছলতার কারণে অনেকেই নিয়মিত চোখ পরীক্ষা করাতে পারেন না। এই বিষয়টি বিবেচনায় রেখেই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাশাপাশি একশ’ রোগীর জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।” তিনি আরও জানান, তার বাড়ির আঙিনায় একটি স্থায়ী চক্ষু চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা জেলা গভর্নর সানন্দে গ্রহণ করেছেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এই বাংলা/এমএস
টপিক
