চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শুধু ভবন ও রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হলে মানুষের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও সচেতনতার উন্নয়ন ঘটাতে হবে। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের বোয়ালখালীতে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও সবুজ উপজেলা গড়ার লক্ষ্যে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা সদরে একটি গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক। সবশেষে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের জমাদারহাটে ঝাড়ু ও বেলচা দিয়ে ময়লা পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুন্নবী চৌধুরী, সাবেক সদস্য সচিব চেয়ারম্যান হামিদুল হক মন্নান, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রনজিত কুমার শীল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-উর রশিদ, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস.এম. মোদাচ্ছের, প্রেস ক্লাব বোয়ালখালীর সভাপতি মো. সিরাজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
সচেতনতা ও দায়িত্ববোধই ডেঙ্গু প্রতিরোধের প্রধান শক্তি
জেলা প্রশাসক বলেন, উন্নত রাষ্ট্র গড়তে হলে নাগরিকদের চিন্তাভাবনা, আচরণ ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সড়কে চলাচলের ক্ষেত্রেও প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। শুধু আইন প্রয়োগ কিংবা জরিমানা করে এ পরিবর্তন আনা সম্ভব নয়। মানুষের মধ্যে নিজস্ব দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করতে হবে।
তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে যে ক্রাশ প্রোগ্রাম ঘোষণা করেছিলেন, তার ধারাবাহিকতায় জেলা প্রশাসন বিভিন্ন উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। ডেঙ্গুর বিস্তার রোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ অব্যাহত থাকবে।
তরুণ প্রজন্মকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান
শিক্ষকদের উদ্দেশে ডিসি জাহিদ বলেন, তরুণ মেধাবী প্রজন্মকে মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। তরুণ প্রজন্মই দেশের প্রধান সম্পদ। তাদের হাতে শুধু শিক্ষার সনদ তুলে দিলেই হবে না; এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এবং সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, কোনো বাড়তি খরচ ছাড়াই সদিচ্ছার মাধ্যমে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা জরুরি।
পাশাপাশি শিশুদের মানসিক সুস্থতা, আনন্দ ও ভালোবাসাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। শিশুদের শৈশব যেন নিষ্ঠুরতার পরিবর্তে মায়া, ভালোবাসা ও আন্তরিকতায় ভরে ওঠে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে পাশে দাঁড়ানোর আহ্বান
বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার সহায়তা দেওয়ার পাশাপাশি তাঁদের সীমাবদ্ধতার জায়গাগুলো চিহ্নিত করতে হবে। তাঁদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দিতে হবে, যাতে তাঁরাও সমাজে নিজেদের দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে পারেন।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যেও অনেক প্রতিভা রয়েছে। তাঁদের সেই প্রতিভাকে কাজে লাগিয়ে সুন্দর জীবন গড়ে তুলতে সহায়তা করতে হবে। সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।
সরকারি কর্মকর্তাদের সময়মতো কাজ শেষ করার নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ডিসি জাহিদ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে শুধু নির্ধারিত সময়ে কাজ করলেই হবে না, দিনের কাজ দিনেই শেষ করতে হবে। প্রত্যেকেরই বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। তবে দেশটি সবার—এ কথা মনে রাখতে হবে।
তিনি বলেন, দেশের যত বড় বাস্তবতাই থাকুক না কেন, আন্তরিক ইচ্ছা, আগ্রহ ও সদিচ্ছা থাকলে কোনো সীমাবদ্ধতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। প্রত্যেক নাগরিককে নিজের আচরণ ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের প্রতি দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।
পরিচ্ছন্ন ও মানবিক সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান
জেলা প্রশাসক বলেন, সদিচ্ছা থাকলে পরিচ্ছন্নতা কার্যক্রমে বাড়তি অর্থ ব্যয়ের প্রয়োজন হয় না। যে পরিবেশে আমরা বেড়ে উঠছি এবং জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছি, সেই পরিবেশ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। পরিবেশের অপরিচ্ছন্নতা কিংবা ডেঙ্গুর মতো রোগে আক্রান্ত হয়ে কেউ অসুস্থ হোক বা মারা যাক, তা আমরা কখনোই কামনা করি না।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিককে সুস্থ, সবল ও দক্ষ করে গড়ে তুলতে হবে। মানুষ মানসিকভাবে সুস্থ থাকলে এবং সুস্থ চিন্তাভাবনা করতে পারলে সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে চান, যেখানে শিশুরা ভালোবাসা, মায়া, আন্তরিকতা ও আনন্দের মধ্যে বেড়ে উঠবে। তাদের শৈশব হবে নিরাপদ ও আনন্দময়।
জেলা প্রশাসক বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সবার দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব।
এই বাংলা/এমএস