কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায় চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিয়ে যাওয়া এক দিনমজুরকে শারীরিক নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগী আনু মিয়া (৩৫) অভিযোগ করেছেন, এসআই মোজাম্মেলসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁকে মারধর করেন। এ ঘটনায় তিনি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির অষ্টগ্রাম উপজেলা শাখা পৃথকভাবে সহকারী পুলিশ সুপার, অষ্টগ্রাম সার্কেল, কিশোরগঞ্জের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে, এ ঘটনায় সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীকে দিয়ে আগের বক্তব্য পরিবর্তন এবং পুলিশি নির্যাতনের অভিযোগ অস্বীকার করানোর জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে দৈনিক ইনকিলাবের অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মো. নাদিরুজ্জামান আজমলের বিরুদ্ধে।
গত ২৭ নভেম্বর দেওয়া লিখিত অভিযোগে আনু মিয়া ঘটনার বিবরণ তুলে ধরে এসআই মোজাম্মেলসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। একই দিনে মানবাধিকার সংগঠনটির পক্ষ থেকেও পৃথক আবেদন করা হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এ আর সুমন।
আনু মিয়ার অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর অষ্টগ্রাম বড়বাজারের দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। পরদিন ১০ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলে উদু মিয়ার ছেলে শহীদ মিয়া তাঁকে রাস্তায় আটকান। পরে তাঁর ফোন পেয়ে এসআই মোজাম্মেলসহ ৪-৫ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। তাঁরা একটি ছবি দেখিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ছবির বিষয়ে কিছু জানেন না বলার পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।
আনু মিয়ার দাবি, থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামানের সামনে হাজির করার পর এসআই মোজাম্মেলসহ দুই পুলিশ সদস্য তাঁকে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে বুকে পা দিয়ে চাপ প্রয়োগ করে চুরির সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। এমনকি স্বীকারোক্তি দিলে ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেও তাঁকে বলা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তবে নিজেকে নির্দোষ দাবি করে স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানান আনু মিয়া।
তাঁর অভিযোগ, নির্যাতনের পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন বিছানা থেকে ঠিকমতো উঠতে পারেননি।
অন্যদিকে, গত ২৫ নভেম্বর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদে এ-সংক্রান্ত খবর প্রকাশের পর নতুন করে চাপের মুখে পড়েন বলে অভিযোগ করেন আনু মিয়া। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে দৈনিক ইনকিলাবের অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মো. নাদিরুজ্জামান আজমল তাঁর বাড়িতে যান। এ সময় আগের বক্তব্য পরিবর্তন এবং পুলিশি নির্যাতনের অভিযোগ অস্বীকার করতে চাপ প্রয়োগ করা হয় বলে দাবি করেন তিনি।
আনু মিয়ার আরও অভিযোগ, এ সময় তাঁর কারণে সাংবাদিক আল-আমিন ও সাখাওয়াতকে থানায় আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলেও তাঁকে বলা হয়। তবে নিজের ওপর ঘটে যাওয়া ঘটনার সত্যতা অস্বীকার করতে রাজি হননি বলে জানান তিনি।
লিখিত আবেদনে আনু মিয়া শারীরিক অসুস্থতা, আর্থিক অসচ্ছলতা এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানাতে না পারার বিষয়টিও উল্লেখ করেছেন।
এদিকে, মানবাধিকার সংগঠনটির আবেদনে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ঘটনার সময়কার থানার সিসিটিভি ফুটেজ, হাজত ও ডিউটি রেজিস্টারসহ প্রাসঙ্গিক নথিপত্র সংরক্ষণ ও যাচাইয়ের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর চিকিৎসা পরীক্ষা, সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও সাংবাদিক মো. নাদিরুজ্জামান আজমলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় সাক্ষীদের বক্তব্য গ্রহণের আহ্বান জানানো হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক এ আর সুমন বলেন, একজন নাগরিকের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। একই সঙ্গে অভিযোগকারী যেন কোনো ধরনের চাপ বা হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত এসআই মোজাম্মেল, তৎকালীন ওসি মো. রুকনুজ্জামান এবং সাংবাদিক মো. নাদিরুজ্জামান আজমলের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে যুক্ত করা হবে।
এই বাংলা/এমএস