জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে ব্রাইট স্কুলের অষ্টম ও নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের নালার মোড়ে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য দেন শিক্ষার্থীদের অভিভাবক আসাদুজ্জামান, আকরাম হোসেন, শাহিদা আক্তার, রাশেদা খাতুন ও রাজু আহমেদসহ অনেকে।
বক্তারা বলেন, একজন শিক্ষক হয়ে এভাবে দুই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা কোনোভাবেই কাম্য নয়। তাঁরা অবিলম্বে স্কুল বন্ধসহ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তাঁরা আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এই বাংলা/এমএস