শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে সেরা দৌলতপুরের ইউএনও সিলভিয়া স্নিগ্ধা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। ২০২৬ সালের অক্টোবর মাসের মূল্যায়নে এ স্বীকৃতি পান তিনি।

জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ সফলতা, নির্ভুল তথ্য সংরক্ষণ, দ্রুত সেবা প্রদান এবং জনসচেতনতা তৈরিতে নেওয়া বিভিন্ন উদ্যোগের স্বীকৃতি হিসেবে তাঁকে ঢাকা বিভাগের সেরা নির্বাচিত করা হয়েছে।

এ অর্জনে দৌলতপুর উপজেলার সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিষয়ে ইউএনও সিলভিয়া স্নিগ্ধা বলেন, “এই অর্জন আমার একার নয়, এই অর্জন দৌলতপুর উপজেলার সব কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা এবং উপজেলাবাসীর। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ আমরা ঢাকা বিভাগের মধ্যে সেরা হতে পেরেছি।”

তিনি আরও বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের প্রথম এবং মৌলিক অধিকার। একটি শিশুর জন্মের পর সঠিক সময়ে নিবন্ধন করা যেমন জরুরি, তেমনি মৃত্যু নিবন্ধনও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই দৌলতপুরের কোনো শিশুই নিবন্ধনের বাইরে না থাকুক। এই ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহযোগিতা চাই।”

উপজেলাবাসীর মতে, ইউএনও সিলভিয়া স্নিগ্ধার আন্তরিকতা, দক্ষ নেতৃত্ব ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমের ফলে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি কাজ করে যাচ্ছেন।

তাঁর এ অর্জন দৌলতপুরের পাশাপাশি অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

এই সম্পর্কিত আরো খবর