শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ভোলাহাটে ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বিএনপির ১৩ সদস্যের সার্চ কমিটি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
বিএনপির লোগো

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে দলীয় একক প্রার্থী মনোনয়নের লক্ষ্যে ১৩ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোহা. কাওসারুল ইসলাম রঞ্জু।

সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আসন্ন ইউপি নির্বাচনে দলীয় একক প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা হয়। এ জন্য গঠিত সার্চ কমিটি ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়ন—ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়ার নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করবে।

কমিটির সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের জনসম্পৃক্ততা, সাংগঠনিক অবস্থান ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা যাচাই করে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ও সার্বিক মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হবে।

১৩ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. খিজির হায়াত মোল্লাকে এবং সদস্যসচিব করা হয়েছে মো. আব্দুল হান্নানকে। অন্য সদস্যরা হলেন—মো. সোহরাওয়ার্দী, মো. তোফিকুল ইসলাম, মো. মুনিরুজ্জামান, মো. আব্দুস সালাম, মো. আশরাফুল হক, মো. ফরহাদ আলম বিশ্বাস, মো. বাবুল আলী, মো. মোমিনুল ইসলাম, মো. জমসেদ আলী, মো. শহিদুল্লাহ ও মো. মজনু মিয়া।

আগামী ৩ ডিসেম্বরের মধ্যে সার্চ কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরিত বস্তুনিষ্ঠ লিখিত প্রতিবেদন উপজেলা বিএনপির সভাপতির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মোহা. কাওসারুল ইসলাম রঞ্জু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর