কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের মধ্যে কৃষির প্রতি আগ্রহ তৈরি করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলা মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় খাবার বিশ্বপরিসরে তুলে ধরতে রন্ধনশিল্পীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি কৃষির প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর উদ্যোগ জোরদার করা প্রয়োজন।
তিনি জানান, বর্তমানে দেশের শতাধিক উপজেলায় ৩১ লাখ শিশুকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। ২০২৭ সালের মধ্যে দেশের সব উপজেলায় মোট ১ কোটি ১০ লাখ শিশুকে মিড-ডে মিলের আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের।
ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি, প্রাণিসম্পদসহ সংশ্লিষ্ট খাতগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অন্যতম আয়োজন রন্ধন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আয়োজকেরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস