বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর ঈশ্বরদীতে পাঁচ যুবদল নেতাকে গণসংবর্ধনা

ইশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পদ ফিরে পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঈশ্বরদীর পাঁচ নেতাকে গণসংবর্ধনা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মুলাডুলি বাজারে এবং বেলা ২টায় ঈশ্বরদী শহরের রেলগেট ট্রাফিক মোড়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া পাঁচ নেতা হলেন—ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, মো. শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু ও সদস্য মো. মতিয়ার রহমান।

সংবর্ধনা উপলক্ষে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঈশ্বরদী থেকে মুলাডুলি বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার মোটরসাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মুলাডুলি বাজারে পৌঁছালে সেখানে উপস্থিত নেতাকর্মীরা পাঁচ নেতাকে সংবর্ধনা জানান। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রা নিয়ে তাঁরা ঈশ্বরদী শহরে ফেরেন। সেখানে রেলগেট ট্রাফিক মোড়ে আবারও তাঁদের গণসংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, গত ১৭ বছরে নির্যাতন, পুলিশি হয়রানি ও মামলা-মোকদ্দমায় জর্জরিত ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, যুবদল নেতা জাকির হোসেন জুয়েলসহ দলের কয়েকজন নেতাকে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে বহিষ্কার করা হয়েছিল বলে তাঁরা মনে করেন। কেন্দ্রীয় কমিটি সহানুভূতির সঙ্গে যুবদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। এ সময় তাঁরা জাকারিয়া পিন্টুসহ অন্য নেতাদের বহিষ্কারাদেশও প্রত্যাহারের দাবি জানান।

সংবর্ধনার জবাবে পদ ফিরে পাওয়া জাকির হোসেন জুয়েল বলেন, ভেদাভেদ ভুলে দলের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান তাঁরা।

তিনি আরও বলেন, অতীতের ভুলে না থেকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ডিসেম্বরে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। যুবদলকে শক্তিশালী করতে তিনি হাবিব ভাইয়ের সহযোগিতা কামনা করেন। আগামী পৌরসভা ও উপজেলা নির্বাচন সামনে রেখে দলের প্রার্থী যিনিই হোন, সবাই ঐক্যবদ্ধভাবে তাঁকে বিজয়ী করতে কাজ করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঈশ্বরদীর পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছিল কেন্দ্রীয় কমিটি। পরে কেন্দ্রীয় কমিটির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর