পাবনার ঈশ্বরদীতে বৃষ্টি ও বাতাসে ব্যাপক ক্ষতি হয়েছে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাহিনুজ্জামান শাহিনের টপ লেডি জাতের পেঁপে বাগানের। উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে ছয় বিঘা জমিতে গড়ে তোলা বাগানের বেশির ভাগ গাছের মাথা ভেঙে গেছে। এতে পেঁপে চাষে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন এই কৃষক।
বাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে প্রচুর পেঁপে ধরেছে। বাজারজাত করার জন্য শ্রমিকেরা গাছ থেকে পেঁপে সংগ্রহ করছেন। গত তিন বছর ধরে নতুনভাবে টপ লেডি জাতের পেঁপে চাষ করছেন শাহিন। পেঁপের পাশাপাশি সাথি ফসল হিসেবে মরিচ, কলা, কাঁকরোলসহ বিভিন্ন ধরনের শাকসবজিও চাষ করেছেন তিনি।
পেঁপেচাষি শাহিনুজ্জামান শাহিন সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ইমান সরদারের ছেলে। পেঁপে চাষের পাশাপাশি তিনি পেঁয়াজ, গাজর, বেগুন, মুলা, কলা ও ক্যাপসিকাম চাষ করেন। সফল কৃষক হিসেবে ২০২৩ সালে কৃষিতে জাতীয় পদক অর্জন করেন তিনি।
শাহিনুজ্জামান শাহিন বলেন, ছয় বিঘা জমিতে টপ লেডি জাতের পেঁপে চাষ করেছেন তিনি। এতে প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। বাগানের পরিচর্যা, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও শ্রমিকের মজুরি বাবদ প্রতিবছর আরও প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়। তবে সাথি ফসল বিক্রি করে পরিচর্যার খরচের বড় একটি অংশ উঠে আসে।
তিনি আরও বলেন, টপ লেডি জাতের পেঁপে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা বেশি এবং দামও ভালো পাওয়া যায়। এবার গাছে ফলনও হয়েছিল বেশ ভালো। ইতোমধ্যে বাগান থেকে প্রায় দুই লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন। তাঁর ধারণা ছিল, ছয় বিঘার বাগান থেকে এবার প্রায় ৩০ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন। কিন্তু বৈরী আবহাওয়ায় বৃষ্টি ও বাতাসে বাগানের বেশির ভাগ পেঁপেগাছের মাথা ভেঙে গেছে। এতে তাঁর ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মাসুদ রানা বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ায় দেশে পেঁপের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খরার সময় চৈত্র-বৈশাখ মাসে পেঁপের চাহিদা ও দাম দুটিই বেড়ে যায়। কৃষক শাহিনুজ্জামান শাহিনকে বিএডিসির সেচ বিভাগ থেকে সৌরশক্তিচালিত ডাগওয়েল (পাতকুয়া) সরবরাহ করা হয়েছে। ফলে খরা মৌসুমেও তাঁর বাগানের গাছে পানির সংকট হয় না। এ কারণে তিনি নিয়মিত ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাহিন ছয় বিঘা জমিতে টপ লেডি জাতের পেঁপে চাষ করেছেন। এ জাতের পেঁপে খেতে সুস্বাদু এবং বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। অন্য জাতের তুলনায় এ পেঁপে বিক্রি করে কৃষকেরা কিছুটা বেশি দাম পান। শাহিনের বাগানে গাছে প্রচুর ফল ধরেছিল। তবে ফলের ভারে ও বাতাসে কিছু গাছের মাথা ভেঙে গেছে। অবশিষ্ট গাছগুলোতে খুঁটি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া কৃষকেরা যেন নির্বিঘ্নে চাষাবাদ করতে পারেন, সে জন্য উপজেলা কৃষি অফিস থেকে সার্বক্ষণিক কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।
এই বাংলা/এমএস