বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাঁপছে কুড়িগ্রাম, দুর্ভোগে শ্রমজীবীরা

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কয়েক দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর কুড়িগ্রাম জেলায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শিশু ও বয়স্করা। শীতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। একই সঙ্গে ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতা বাড়ায় প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে দিনমজুর, ভ্যানচালক ও কৃষকদের ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে। শীতের প্রভাব পড়েছে কৃষিকাজেও।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ৬৫ বছর বয়সী কৃষক মো. নওশাদ আলী বলেন, শীতের কারণে জমিতে নিরানি দিতে পারছেন না। ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় বুধবার তিনি জমিতে যাননি।

চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার শ্রমিক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ, কাজোত না গেই খামো কি। এলাও গরম ছাওয়া পাওয়া কাপড় কিনবের পাই নাই, টাকা নাই। ঠান্ডা তো বারবের লাগছে।’

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলার পাড় এলাকার ৬০ বছর বয়সী মো. খলিল মিয়া বলেন, ‘খুব ঠান্ডা বাসাসে বের হওয়া যায় না। কাম তো করা লাগবে তাই করতে যাই।’

সদর উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা মো. রবিউল ইসলাম (৩৪) জানান, তাঁর সন্তানের তিন দিন ধরে গলাব্যথা ও জ্বর। চিকিৎসা নেওয়ার পরও এখনো সুস্থ হয়নি।

অন্যদিকে, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ৫৫ বছর বয়সী ভ্যানচালক মো. আহসান হাবিব বলেন, সকালে ভাড়া নিয়ে শহরে আসতে তাঁকে বেশ কষ্ট করতে হয়েছে। শীতে হাত-পা জমে যাওয়ার মতো অবস্থা হচ্ছে।

রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। পাশাপাশি হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল বাতাসের কারণে রংপুর অঞ্চলে তুলনামূলক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর