সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে বিআরটিএর লিফলেট ও স্টিকার বিতরণ

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’—এই স্লোগান সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে লিফলেট ও স্টিকার বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গতকাল রোববার বিকেল ৪টায় বিআরটিএ রাজশাহী সার্কেল কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়কে সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়কের বার্তা পৌঁছে দিতে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক এবং মোটরযান পরিদর্শক সুমন হোসেন।

বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চালানো থেকে বিরত থাকা জরুরি। সড়ক নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এ ধরনের প্রচারমূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মোটরযান পরিদর্শক সুমন হোসেন বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক, যাত্রী ও পথচারী—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ট্রাফিক সংকেত মেনে চলা, নিরাপদ স্থানে রাস্তা পারাপার এবং অসতর্কভাবে সড়ক ব্যবহার থেকে বিরত থাকা প্রয়োজন। সম্মিলিত সচেতনতা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হতে পারে।

কর্মসূচি চলাকালে লিফলেট ও স্টিকার বিতরণের মাধ্যমে ট্রাফিক আইন অনুসরণ, নিরাপদে রাস্তা পারাপার এবং সড়কে সতর্কতার সঙ্গে চলাচলের বিষয়ে মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি বেপরোয়া গতিতে যানবাহন চালানো, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করার মতো আচরণ পরিহারের আহ্বান জানানো হয়।

এ কর্মসূচির মাধ্যমে সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল আচরণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে বিআরটিএ রাজশাহী সার্কেলের কর্মকর্তা-কর্মচারীসহ রাজশাহী জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর