বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম তুলনামূলক বেশি থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।
ঝালকাঠির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৩৫ থেকে ৪০ টাকা এবং মুলা ৪০ টাকা দরে। এ ছাড়া আকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
বন্যা ও অতিবৃষ্টির কারণে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়া এবং সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে দামের ওপর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে বাড়তি দামে সবজি কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। তাঁদের মতে, সবজির দাম কমলে সাধারণ মানুষের জন্য বাজার করা সহজ হবে।
ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে পাইকারি বাজারে বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাঁদের। এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও।
বন্যার দুর্ভোগের পাশাপাশি সবজির বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ মানুষ। তাই বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা।
এই বাংলা/এমএস