কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৃত এক নারীর নামে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ব্যবহার করে চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রায় সাড়ে তিন বছর ধরে সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগে মোছা. আম্বিয়া বেগম নামে এক নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. বাবলু মিয়া। তিনি উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, আম্বিয়া বেগম দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের মো. আয়নাল হকের স্ত্রী। তাঁর শাশুড়ি মৃত আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড রয়েছে, যার নম্বর ১৬৯। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যাওয়ার পরও ওই কার্ডের বিপরীতে দুই-তিনবার চাল উত্তোলন করা হয়।
পরবর্তী সময়ে কার্ডের নাম পরিবর্তন করে তাঁর স্বামী অথবা নিজের নামে করে দেওয়ার কথা বলে ইউপি সদস্য মো. বাবলু মিয়া আম্বিয়া বেগমের জাতীয় পরিচয়পত্র, ছবি এবং খাদ্যবান্ধব কর্মসূচির মূল কার্ডটি নিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি এলাকার চাল বিতরণের ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে আম্বিয়া বেগম জানতে পারেন, তাঁর শাশুড়ির নামে থাকা কার্ডের বিপরীতে চাল উত্তোলন করে আসছেন ইউপি সদস্য বাবলু মিয়া। ফলে গত সাড়ে তিন বছর ধরে তিনি সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত রয়েছেন বলে দাবি করেছেন।
অভিযোগকারী আম্বিয়া বেগম বলেন, “সাড়ে তিন বছর আগে আমার শাশুড়ি মারা যাওয়ার পর দুইবার চাল পেয়েছি। পরে মেম্বার বলেন, আমার শাশুড়ি মারা যাওয়ায় কার্ডটি বাতিল হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মূল কার্ডটি, স্বামী ও আমার ছবি এবং ভোটার আইডি দেন—আমি কার্ড করে দেব। এই কথা বলে তিনি কাগজপত্র নিয়ে নেন। কিন্তু পরে আর কার্ড করে দেননি।
“সাড়ে তিন বছর পর কয়েক দিন আগে খাদ্য অফিসে গিয়ে জানতে পারি, আমার শাশুড়ির নামে কার্ডটি এখনো চালু রয়েছে। পরে চাল বিতরণের ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমার শাশুড়ির কার্ডের চাল মেম্বার মো. বাবলু মিয়া তুলছেন। এরপর ১৬ নভেম্বর ইউএনও স্যারের কাছে অভিযোগ দিয়েছি। আমি মেম্বারের শাস্তি ও চালের ক্ষতিপূরণ দাবি জানাই। সরকার যদি চালের কার্ডটি করে দিত, তাহলে আমার অভাবের সংসারটা ভালোভাবে চলত।”
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. শফিকুল ইসলাম বলেন, “আমি এক বছর হলো চালের ডিলারশিপ পেয়েছি। এই এক বছরে আমার কাছ থেকে চালের কার্ডটি ইউপি সদস্য নিয়ে এসে চাল তুলেছেন।”
অভিযোগের বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবলু মিয়া বলেন, “আমি আমেনা বেগম ও আম্বিয়া বেগমকে চিনি না। আমাকে সে কোনো কাগজপত্র দেয়নি। সামনে ইউপি নির্বাচন, আমাকে ফাঁসানোর জন্য একটি মহল চক্রান্ত করছে। আমার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”
এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ জানান, অভিযোগপত্রটি তিনি এখনো হাতে পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীকে তাঁর কাছে আসতে বলা হয়েছে।
এদিকে সরকারি খাদ্যসহায়তা নিয়ে ওঠা এ অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এই বাংলা/এমএস