নাটোরের নলডাঙ্গা উপজেলায় একই এলাকায় বারবার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা। সর্বশেষ শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ধামনপাড়া-কাঠুয়াগাড়ি সড়কের পাশ থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধামনপাড়া-কাঠুয়াগাড়ি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায় চোরেরা। পরে ঘটনাস্থলে ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায়।
চুরি হওয়া ট্রান্সফরমারটি এলাকার কৃষিজমিতে সেচের কাজে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হতো। এটি চুরি হওয়ায় কৃষিকাজে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের মোমিনপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. বেলাল উদ্দিন জানান, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। পরে এ বিষয়ে একটি লিখিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ধামনপাড়া-কাঠুয়াগাড়ি এলাকায় এর আগেও একই স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবি, এসব চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই বাংলা/এমএস