যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পে-স্কেলের বর্ধিত তিন মাসের বকেয়া অর্থ পেতে ১২১ কর্মচারীর কাছ থেকে জনপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের সাধারণ কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগের তীর হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর দিকে। বিষয়টি ঘিরে আলোচনায় এসেছেন হাসপাতালের হিসাবরক্ষক ইসরাফিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পে-স্কেলের বর্ধিত তিন মাসের অর্থ উত্তোলন ও বিতরণের প্রক্রিয়ায় কর্মচারীদের কাছ থেকে এ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ১২১ জনের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে নেওয়া হলেও মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ৬০ হাজার ৫০০ টাকা। আর জনপ্রতি ১ হাজার টাকা নেওয়া হলে মোট আদায়ের পরিমাণ ১ লাখ ২১ হাজার টাকা।
ভুক্তভোগী কয়েকজন কর্মচারীর অভিযোগ, নিজেদের প্রাপ্য বেতন-ভাতার অর্থ পেতেও তাঁদের অতিরিক্ত টাকা দিতে হয়েছে। ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে নিয়ম অনুযায়ী প্রাপ্য অর্থ পাওয়ার কথা। সেখানে কোনো সেবা বা প্রক্রিয়ার অজুহাতে টাকা নেওয়া হলে তা অনৈতিক। এ ধরনের অর্থ আদায়ের কোনো সরকারি বিধান রয়েছে কি না, সেটিও স্পষ্ট করা প্রয়োজন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের হিসাবরক্ষক ইসরাফিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে কর্মচারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও স্বচ্ছতা দাবি করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা বলেন, ‘এসব টাকা পেতে হলে এজি অফিসে কিছু টাকা দিতে হয় বলে হয়তো এমনটি হয়েছে। তবে বিষয়টি অন্যায় হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। আমি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
এদিকে হাসপাতালের হিসাবরক্ষক ইসরাফিলকে ঘিরে অতীতেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোরের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে সেসব অভিযোগের সত্যতা এবং বর্তমান ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
১২১ কর্মচারীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠায় হাসপাতালের আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ এবং বেতন-ভাতা বিতরণ কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কর্মচারীদের প্রাপ্য অর্থ পেতে কেন অতিরিক্ত টাকা দিতে হবে, কার নির্দেশে এবং কী কারণে এ অর্থ নেওয়া হয়েছে—তা স্পষ্ট করার দাবি উঠেছে।
সংশ্লিষ্টদের মতে, অভিযোগের নিরপেক্ষ তদন্তে কর্মচারীদের লিখিত বক্তব্য নেওয়া, অর্থ লেনদেনের প্রমাণ যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা প্রয়োজন। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অডিটের ব্যবস্থাও করা যেতে পারে। একই সঙ্গে হাসপাতালের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এই বাংলা/এমএস