রাজশাহীতে ‘ডিজিটাল আসক্তি: ইসলামের আলোকে প্রতিকার’ শীর্ষক সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মা’আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর ভিক্টোরিয়া কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি মানুষের জীবনকে সহজ ও গতিশীল করেছে। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর ইতিবাচক ভূমিকা রয়েছে। তবে প্রযুক্তির নেতিবাচক দিক সম্পর্কেও সচেতন থাকতে হবে। ডিজিটাল প্রযুক্তির সুফল সচেতনভাবে গ্রহণের পাশাপাশি ক্ষতিকর দিকগুলো পরিহার করতে হবে।
তিনি আরও বলেন, শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। তাঁর গৃহীত উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, রাজশাহীকে সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মহানগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ কাওসার হুসাইন এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন-বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার মুফাসসির হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হাবিবী।
সমাজসেবক আলহাজ মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মা’আরিফুল কুরআন একাডেমীর চেয়ারম্যান হাফেজ রবিউল ইসলাম, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, দপ্তর সম্পাদক মো. সৈকত পারভেজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার পারভেজ রকি, ১৪ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক মোস্তাকিন পিংকু, যুবনেতা আবির হোসেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই বাংলা/এমএস