স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) নানিয়ারচর জোন সদরে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন মেজর সাদাত মো. শাহরিয়ার শামীম শোভন।
সমাপনী বক্তব্যে তিনি বলেন, গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আয় বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির গুরুত্বপূর্ণ মাধ্যম। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশু-পাখি পালন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে স্বল্প পুঁজিতেও লাভজনক খামার গড়ে তোলা সম্ভব।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের আর্থিক সচ্ছলতা অর্জনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ২০ জন অংশ নেন। প্রশিক্ষণে গবাদিপশু ও গৃহপালিত পাখির পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকাদান এবং খামার পরিচালনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়।
অনুষ্ঠানে নানিয়ারচর জোনের সামরিক কর্মকর্তারা, সংশ্লিষ্ট প্রশিক্ষক, আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস