শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধা সানুর স্মরণে অলিম্পিক বার টুর্নামেন্ট, ১৪ দলের লড়াইয়ে চ্যাম্পিয়ন ইমাম হোসেন স্মৃতি

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মহান মুক্তিযুদ্ধে অবদান, সমাজসেবা ও ক্রীড়াঙ্গনে ভূমিকার জন্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানুকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু স্মৃতি অলিম্পিক বার টুর্নামেন্ট’। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ১৪টি দল। ফাইনালে কাউন্সিলর রফিকুল ইসলাম স্মৃতি সংসদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরহুম ইমাম হোসেন স্মৃতি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের আসকার দিঘী পাড় এলাকার শতদল ক্লাব মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু স্মৃতি সংসদের আয়োজনে প্রতিযোগিতাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্মৃতি সংসদের সভাপতি, রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়াবিদ আবু মোহাম্মদ মহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক দিদারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ইয়াছিন চৌধুরী লিটন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন শতদল ক্লাবের আহ্বায়ক ও জামালখান সামাজিক নিরাপত্তা পরিষদের মহাসচিব মুজিবুল হক সিদ্দিকী (বাচ্চু), রাজনীতিবিদ ও সমাজসেবক মঞ্জুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, আশরাফুজ্জামান স্বপন, আব্দুল আহাদ স্বপন, রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক তৌহিদুস সালাম নিশাদ, মোহাম্মদ কামাল হোসেন এবং মোহাম্মদ সেলিম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মাইনুদ্দিন খান রাজিব, কামরুল কুতুবী, সৈয়দ সাফওয়ান আলী, মোহাম্মদ ইমরান হোসেন, মোবারক হোসেন, হৃদয় হোসেন রবি, হেলাল মিয়া, সাজ্জাদ হোসেন বাবু, মনির হোসেন, মোহাম্মদ মনির, ফারুক আহমেদ ও আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইনালে মরহুম ইমাম হোসেন স্মৃতি ১-০ গোলে কাউন্সিলর রফিকুল ইসলাম স্মৃতি সংসদকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। চ্যাম্পিয়ন দলকে ১২ হাজার টাকা এবং রানারআপ দলকে ৭ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। পাশাপাশি সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা ও সুশৃঙ্খল দলের জন্য বিশেষ ট্রফি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু ছিলেন একজন সফল রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়াবিদ। দেশ ও সমাজের প্রতি তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর স্মৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এ উদ্যোগের জন্য তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানুর কর্মময় জীবন ও সমাজের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা এলাকার রাস্তাঘাট নির্মাণ ও প্রশস্তকরণ, মসজিদ নির্মাণ, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও উন্নয়নে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে দেশপ্রেম, রাজনীতিতে জনসেবা এবং ক্রীড়াঙ্গনে অবদানের মাধ্যমে সৈয়দ সানোয়ার আলী সানু স্মরণীয় হয়ে থাকবেন। নতুন প্রজন্মের কাছে তাঁর স্মৃতি ও আদর্শ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অতিথিরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে একদিকে যেমন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হচ্ছে, অন্যদিকে স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাও সম্ভব হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর