টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত ইয়ামিন মিয়া (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দুয়াজানী গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত ইয়ামিন ওই গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ইয়ামিন কৌশলে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত ইয়ামিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাঁকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস