‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।
রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু বলেন, নাটোরের বেকারত্ব কমাতে কার্যকর বিভিন্ন পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সদস্যসচিব মো. আসাদুজ্জামান এবং জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ আমন্ত্রিত অতিথিরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার বলেন, জেলার যুবসমাজের বেকারত্ব দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন হুইপ দুলু। এ সময় গাছের চারাও বিতরণ করা হয়। পরে হুইপ ও জেলা প্রশাসক যৌথভাবে বেলুন উড়িয়ে জাতীয় যুব দিবসের র্যালির উদ্বোধন করেন। এরপর তাঁরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে উদ্যোক্তাদের স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এই বাংলা/এমএস