রবিবার, ০১ নভেম্বর ২০২৬

সেরা আলোকিত পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন–২০২৬-এ ‘সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননায় ভূষিত হয়েছেন নাটোরের সিংড়া প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক মোল্লা মো. এমরান আলী রানা। সাহিত্যচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং গ্রন্থাগার আন্দোলনে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

গতকাল শনিবার রংপুর শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে বজলুর রহমান গ্রন্থাগার। সম্মেলনে সাহিত্য, জ্ঞানচর্চা ও সৃজনশীলতার নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রংপুর বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এবং দিনাজপুরের কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাসসহ রংপুরের বিশিষ্ট ব্যক্তিরা।

সম্মেলনে বক্তারা পাঠাভ্যাসের প্রসার, গ্রন্থাগারকেন্দ্রিক জ্ঞানচর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন পাঠকসমাজকে সংগঠিত করার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় ইতিবাচক ভূমিকা রাখে।

মোল্লা মো. এমরান আলী রানা সিংড়া প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি রানা প্রকাশনীর প্রকাশক এবং রানানগর পাঠাগারের প্রতিষ্ঠাতা হিসেবে বই প্রকাশ ও পাঠাভ্যাস বিস্তারে কাজ করছেন। তাঁর এ অর্জনে সিংড়ার সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও পাঠকদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা দিয়েছে।

সাহিত্য ও জ্ঞানচর্চার প্রসারে তাঁর এ উদ্যোগ আগামী দিনে আরও মানুষকে বই পড়া ও গ্রন্থাগারমুখী হতে উৎসাহিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর