রবিবার, ০১ নভেম্বর ২০২৬

দৌলতপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ ও বৃক্ষরোপণ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক-যুবতী, যুব সংগঠনের সদস্য এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

পরে আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস, মানিকগঞ্জ জেলার সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. ফেরদৌসুর রহমান, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মো. আব্দুস সালাম এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও চকমিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিলন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনশক্তির একটি বড় অংশ যুবসমাজ। এই জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য যুবকদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং কর্মমুখী শিক্ষার প্রসার প্রয়োজন।

তাঁরা আরও বলেন, শুধু চাকরির ওপর নির্ভর না করে যুবকদের আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। যুবঋণের সঠিক ব্যবহার করে ব্যবসা, কৃষি ও উৎপাদনমুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে ব্যক্তিগত স্বাবলম্বিতার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।

বক্তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে আধুনিক শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবকদের আত্মনির্ভরশীলতা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর