ফিলিপাইন বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজ দুটি এসএফ-২৬০ সিরিজের প্রশিক্ষণ বিমান। গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ফিলিপাইনের বাতানগাস প্রদেশের লিপা শহরের বিমানঘাঁটির আকাশে উড়োজাহাজ দুটির সংঘর্ষ হয়। এতে দুই বিমানের চার পাইলটই নিহত হন।
প্রতিবেদন অনুযায়ী, এ দুর্ঘটনায় বিমানঘাঁটির কোনো ক্ষতি হয়নি। নিহত চার পাইলট ছাড়া অন্য কেউ হতাহত হননি।
এসএফ-২৬০ সিরিজের প্রতিটি উড়োজাহাজে দুজন করে পাইলট থাকেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালে ফিলিপাইন বিমান বাহিনীর বহরে থাকা অবশিষ্ট এসএফ-২৬০ উড়োজাহাজগুলোর উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
ফিলিপাইন বিমান বাহিনী ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বর্ণনা করলেও কী পরিস্থিতিতে উড়োজাহাজ দুটির সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।
ঘটনা সম্পর্কে অবগত দেশটির দুজন কর্মকর্তা এপিকে জানিয়েছেন, উড়োজাহাজ দুটি আকাশে সংঘর্ষের শিকার হয়েছিল। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় তাঁরা নাম প্রকাশ করতে চাননি।
এক প্রত্যক্ষদর্শী এপিকে জানান, উড়োজাহাজ দুটির একটি বিমানঘাঁটিতে সামরিক কর্মীদের ব্যবহৃত ব্যারাকের কাছাকাছি গিয়ে বিধ্বস্ত হয়।
ফিলিপাইন বিমান বাহিনীর এসএফ-২৬০ সিরিজের উড়োজাহাজে এর আগেও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। গত মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ বেঙ্গুয়েতে নেভিগেশন প্রশিক্ষণের সময় একটি এসএফ-২৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ওই ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিহত হন।
বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ম্যানিলার উত্তর-পশ্চিমে বাতানগাস প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় আরেকটি এসএফ-২৬০ উড়োজাহাজ ধানখেতে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনাতেও দুই পাইলট নিহত হয়েছিলেন।
সর্বশেষ দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ফিলিপাইন তাদের সশস্ত্র বাহিনী আধুনিকীকরণে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে দেশটির বিমান, নৌ ও স্থলবাহিনীর আধুনিকীকরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিদ্রোহ মোকাবিলার পাশাপাশি দক্ষিণ চীন সাগরের আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনাও সামলাতে হচ্ছে ফিলিপাইনকে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ফার্স্টপোস্ট