কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার পাশাপাশি ই-কমার্স থেকে শুরু করে প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান নিয়ে সব সময় গর্ব করে রাশিয়া। কিন্তু ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই স্বপ্ন এখন বড় ধাক্কা খেয়েছে। দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের হামলায় যে ক্ষতি হয়েছে, তা পূরণ করতে রাশিয়ার দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি মাসে ইউক্রেন রাশিয়ার প্রযুক্তি জায়ান্ট ইয়ানডেক্সের তিনটি, রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সারব্যাংকের একটি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ভিকনতাক্তের (ফেসবুকের রুশ সংস্করণ) একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। যদিও এসব প্রতিষ্ঠান তাদের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলছে না। তবে রাশিয়ার সাধারণ মানুষ এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্লাউড সেবায় ব্যাপক সমস্যার মুখে পড়ার কথা জানিয়েছে।
ব্যাংকিং, ই-কমার্স, জিওলোকেশন, রাইড শেয়ারিং এবং ইয়ানডেক্সের ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট আলিসাসহ মাল্টিমোডাল এআই চ্যাটবটগুলোর সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব রাশিয়ার বিচারব্যবস্থায়ও পড়েছে। ডেটাবেসে প্রবেশ করতে না পারায় অনেক ক্ষেত্রে আরবিট্রেশন কোর্টের কার্যক্রম বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, এই ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক মাস, এমনকি কয়েক বছরও লেগে যেতে পারে। ইন্টারনেট প্রোটেকশন সোসাইটির প্রধান মিখাইল ক্লিমারেভের মতে, এর ফলে এআই প্রতিযোগিতায় রাশিয়া অনেক পিছিয়ে পড়বে। ইউরেশিয়া গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক নিক রেইনার্সের মতে, কৌশলগতভাবে ডেটা সেন্টারগুলো চমৎকার লক্ষ্যবস্তু। কারণ, এগুলো ধ্বংস করা সহজ হলেও এর ভেতরে থাকা প্রযুক্তি বেশ সংবেদনশীল ও ব্যয়বহুল।
ইউক্রেন সাধারণত তাদের গুরুত্বপূর্ণ ডেটা মিত্র দেশগুলোতে সংরক্ষণ করে, যা রাশিয়ার আক্রমণ থেকে তাদের রক্ষা করে। অন্যদিকে রাশিয়ার ডেটা সংরক্ষণের নীতি কঠোর হওয়ার কারণে দেশের ভেতরেই ডেটা রাখা বাধ্যতামূলক। এর ফলে ইউক্রেনের হামলায় ডেটা সেন্টারগুলো সহজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পর বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার শীর্ষস্থানীয় কোম্পানিগুলো তাদের ডেটা দেশের বাইরে সরিয়ে নিতে বাধ্য হতে পারে, যা রুশ ইন্টারনেটকে বৈশ্বিক বিচ্ছিন্নতা থেকে রক্ষা করতে পারে।
ইয়ানডেক্স রাশিয়ার ডিজিটাল জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্চ ইঞ্জিন থেকে শুরু করে রাইড শেয়ারিং ও ই-কমার্স প্ল্যাটফর্ম পর্যন্ত নানা সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ড্রোন হামলার কারণে এই সেবাগুলো ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। ইয়ানডেক্স জানিয়েছে, তারা কয়েক দিনের মধ্যে কিছু সেবা পুনরুদ্ধার করতে পারলেও এআই উন্নয়নে তাদের যে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা কঠিন হবে। বৈশ্বিক চিপ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টারগুলো পুনরায় মেরামত করা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এই বাংলা/এমএস