স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত নারীদের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। চলমান ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে বিশেষ এই জার্সি পরে খেলছে তারা।
সাধারণত পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের জার্সিতে সবুজ রঙের প্রাধান্য থাকে। তবে বিশেষ সামাজিক সচেতনতামূলক উদ্যোগের অংশ হিসেবে এবার গোলাপি পোশাকে মাঠে নেমেছে দলটি। ম্যাচটির জন্য বিশেষ জার্সি ব্যবহারের ঘোষণা আগেই দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও তারকা ব্যাটার বাবর আজমের স্বাক্ষর করা বিশেষ জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছে পিসিবি। নিলাম থেকে পাওয়া অর্থ স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের চিকিৎসায় সহায়তার জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো ও নারীদের পাশে দাঁড়াতে পিসিবি এবং ‘পিঙ্ক রিবন’ যৌথভাবে উদ্যোগটি নিয়েছে।
ম্যাচটিতে শুধু পাকিস্তানের খেলোয়াড়েরাই নন, ইংল্যান্ডের ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকারদেরও উদ্যোগটির প্রতি সমর্থন জানিয়ে গোলাপি রিবন পরার আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাচে ব্যবহৃত স্টাম্পে রাখা হয়েছে গোলাপি রঙের ব্র্যান্ডিং। পাশাপাশি স্টেডিয়ামের বড় পর্দা ও মাঠের চারপাশের এলইডি বোর্ডে স্তন ক্যান্সার সচেতনতামূলক বার্তা ও প্রচারণামূলক দৃশ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
ক্রিকেটে স্তন ক্যান্সার সচেতনতার প্রতীক হিসেবে গোলাপি পোশাক ব্যবহারের নজির অবশ্য নতুন নয়। দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে বিশেষ ম্যাচে গোলাপি জার্সি পরে এই সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়াতেও স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ ম্যাচে গোলাপি ক্যাপ ব্যবহারের প্রচলন রয়েছে।
প্রতি বছর অক্টোবর মাস বিশ্বজুড়ে স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধির উদ্যোগের জন্য বিশেষভাবে পরিচিত। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠন রোগটি সম্পর্কে সচেতনতা তৈরি, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় নানা কর্মসূচি পালন করে।
এদিকে, ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। অন্যদিকে, ইংল্যান্ড নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে চারশর বেশি রান করেও পরাজয়ের মুখে পড়ে দলটি। পাকিস্তানের বিপক্ষে চলমান ম্যাচেও আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিং পরিস্থিতি স্বস্তিদায়ক ছিল না। সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে দুই দলের আবারও মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
এই বাংলা/এমএস